দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাক্সক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন, সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ ও মাওলানা মুহাম্মদ শাহজাহান। দারসুল কুরআন পেশ করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রফেসর ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান।