চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে এ ইচ্ছার কথা জানান তিনি। খবর রয়টার্সের।
সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত সেই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে নীতিতে স্থিতিশীলতা আসবে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘চীনের সঙ্গে একটি ভালো চুক্তি করতে পারলে ভালো লাগবে।’
চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, উভয় দেশের জন্যই ইতিবাচক কিছু করা সম্ভব হবে।’
এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ট্রাম্প জানান, তার প্রশাসন একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে এবং তিনি এমন একটি চুক্তি করতে চান যা যুক্তরাষ্ট্রের জন্য উপকারী হবে।
তবে ট্রাম্প হুঁশিয়ার করে দিয়ে বলেন, যদি চুক্তি না হয়, তাহলে ৯০ দিনের বিরতির পর আবারও বাড়তি শুল্ক কার্যকর করা হবে। তিনি স্পষ্ট করেন, কোনো দেশ বা কোম্পানিকে ছাড় দেওয়ার পরিকল্পনা তাদের নেই।
এর আগে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে। এছাড়া আরও কিছু দেশের ওপর নতুন শুল্ক ব্যবস্থা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়।
অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বলেন, বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। তার দেশও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছে।