ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে আটজনই নারী। এ সময় বিজিবি সদস্যরা বেশ কিছু ফেন্সিডিলও উদ্ধার করেন।
আজ শনিবার সকালে খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপাইদ গ্রামের আব্দুল বাছেদের ছেলে আনোয়ার হোসেন (৩৩) এবং মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের ধ্রুপেন সরকারের ছেলে অনেক সরকার (১৯)। আইনগত কারণে আটক আট নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার মো. ফেরদৌস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনসহ পাঁচজন নারীকে আটক করা হয়।
একই দিন বিকেলে কুসুমপুর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে আটক হন অনেক সরকার।
বিকেল সাড়ে পাঁচটার দিকে খোসালপুর বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে আরেক অভিযানে তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক দুই পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। এছাড়া আটজন নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।