মাঠে নামার আগেই শেষ হয়ে গেল লিটন দাসের পিএসএল অভিযান। গতকাল থেকে শুরু হওয়া পিএসেএলে তিনি করাচি কিংসে যোগ দিয়েছিলেন। প্রথমবার পিএসএল খেলা নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত ছিলেন। তবে আঙুলের চোটে তার পিএসএল খেলা হচ্ছে না। লিটন ফিরে আসছেন দেশে।
বিসিবির সূত্র থেকে জানা গেছে, আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় লিটনকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এ কারণে পিএসএল খেলার সুযোগ আর নেই। এবারের পিএসএল নিলাম থেকে লিটনকে দলে নিয়েছিল করাচি কিংস। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পিএসএল অভিষেকের জন্য অপেক্ষা বাড়ল।
এদিকে এক বিবৃতিতে লিটন বলেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে মুখিয়ে ছিলাম। কিন্তু সর্বশক্তিমানের পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনের সময় আমার আঙুলে চোট লেগেছে। স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। দুঃখজনক হলেও সত্য যে, পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে। আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।’