শেষ পর্যন্ত ছক্কা মেরে সেঞ্চুরি! ইনিংস শেষে নামের পাশে ১০৫ রান। আজিজুল হক তামিমের অনবদ্য ইনিংসেই প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে জয়ের উৎসবে মাতে গুলশান ক্রিকেট ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০৩ রানে অল-আউট হয় প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন সাজ্জাদুল হক রিপন। ৭৩ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। ইরফান শুক্কুর ৭৪ বলে ২ চারে ৪৩ রানের ইনিংস খেলে দলকে ভরসা দেন। নাঈম শেখ ৩৬ এবং জাকির হাসান করেন ২২ রান।
গুলশানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদি হাসান। মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তার সঙ্গে তাল মিলিয়ে আসাদুজ্জামান পায়েল, নিহাদুজ্জামান ও নাঈম ইসলাম ঝুলিতে পুরেছেন ২টি করে উইকেট।
জবাব দিতে নেমে গুলশানের ইনিংসে একাই আলো ছড়ান আজিজুল হক তামিম। শুরু থেকে দাপুটে ব্যাটিং করা এই ওপেনার শেষ পর্যন্ত খেলেন ১০৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় সাজানো ১০৫ রানের ইনিংস। ছক্কা মেরে স্পর্শ করেন সেঞ্চুরি।
তামিমের সঙ্গী হয়ে খালিদ হাসান ৩৮ এবং জাওয়াদ আবরার ৩৩ রান করেন। শেষ পর্যন্ত ১৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে গুলশান ক্রিকেট ক্লাব।
প্রাইম ব্যাংকের পক্ষে নাঈম আহমেদ ২টি উইকেট দখল করেন, তবে তা যথেষ্ট ছিল না ম্যাচের গতিপথ বদলাতে।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গুলশান উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। আর হেরে গিয়ে এবারের আসরে বিদায় নিশ্চিত হয়েছে প্রাইম ব্যাংকের। আবাহনী, মোহামেডান, গুলশান সিসি, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে অগ্রণী ব্যাংক খেলবে সুপার সিক্সে।