ফুলগাজীতে বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত ৪

ফেনীর ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়লে তাসিন উদ্দিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত ও অপর চারজন আহত হয়েছেন। 

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  

নিহত তাসিন উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

আহতরা হলেন, পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম, একই উপজেলার সাহেব নগরের জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন ও দাগনভ‚ ঞার বেলাল হোসেন। তারা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। আহতদের সবার বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল দশটার দিকে ফুলগাজী কলাবাগান নামকস্থানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাসিন উদ্দিন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দোকান ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে এতে অন্তত ৪জন যাত্রী আহত হয়েছেন। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।