তলানির দলের কাছে হেরে বিপদে হামজার শেফিল্ড

ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের ৪২তম রাউন্ডের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল প্লাইমাউথের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না হামজা চৌধুরী। তবে বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার বদলি হিসেবে মাঠে নামার পর তার দল হজম করে দুই গোল।

শেষ পর্যন্ত প্লাইমাউথ ২-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে। টানা তিন ম্যাচে হারলো শেফিল্ড। এর প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। শেফিল্ড এখন ৮৩ পয়েন্টে তিন নম্বরে। ৪২ ম্যাচ শেষে সমান ৮৮ পয়েন্টে শীর্ষে লিডস ইউনাইটেড, দুইয়ে বার্নলি। লিডস নিজেদের ম্যাচে ২-১ গোলে হারিয়েছে প্রিস্টন নর্থ এন্ডকে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪৪ মিনিটে জেসুরান রাক-সাকির গোলে এগিয়ে গিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। ৮০ মিনিটে সুজার বদলি হিসেবে মাঠে নামেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা। ৮১ মিনিটে রায়ান হার্ডি এবং ৮৮ মিনিটে মুহামেদ তিজানি গোল করে এগিয়ে দেন প্লাইমাউথকে।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ দুই দল সরাসরি উঠবে প্রিমিয়ার লিগে। তিন থেকে ছয় নম্বরে থাকলে খেলতে হবে প্লে-অফ পর্ব। সেখান থেকে উঠবে একটি দল।