মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেছেন, ‘বর্তমানে আমাদের সমাজে নারীদের মধ্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে ঐক্যবদ্ধ জাগরণ দেখা যাচ্ছে, তা বেগম রোকেয়ার অবদান। তবে সমাজে নারীদের প্রতিষ্ঠিত হতে এখনো অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।’
গতকাল শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ময়নুল ইসলাম।
‘তথ্য আপা’ প্রকল্প প্রসঙ্গে মমতাজ আহমেদ বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে; যা নারীর ক্ষমতায়নকে বেগবান করেছে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। পণ্য বাজারজাতকরণের ভিন্নতা এসেছে। এ ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম দ্রুত জনপ্রিয় হচ্ছে। তথ্যপ্রযুক্তির যুগে নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্মে সম্পৃক্ত করতে তথ্য আপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা শারমিন, তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা এবং উপ-প্রকল্প পরিচালক নাজমুল ইসলাম।
সেমিনারে অংশগ্রহণকারী কয়েকজন নারী, উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান, নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন, অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বাজারজাতকরণ বিষয়ে ব্যাপক প্রচার, নতুন নারী উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করা প্রভৃতি বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রশিক্ষণ সমন্বয়ক ও সিনিয়র প্রশিক্ষক সৈয়দ রাকিবুল হক। সরকারি কর্মকর্তা, তথ্যসেবা কর্মকর্তা, নারী উদ্যোক্তা এবং সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি