গাজীপুরে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে পুলিশের ধারণা। শুক্রবার রাতে মহানগরী সদর থানাধীন দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাকিব মোল্লা (৩৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন দক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে এবং সদর মেট্রো থানা শ্রমিক লীগের আহ্বায়ক ও ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজির বাড়ির পাশের রাস্তায় ওপর ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মেহেদী হাসান আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।