ব্যবসা শিক্ষায় বিজ্ঞানের উত্তরপত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের ভুলক্রমে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) উত্তরপত্র (ওএমআর শিট) প্রদানের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হলে পরীক্ষা শুরুর আগেই উত্তরপত্র পরিবর্তন করে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারেই প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে দেশের পাঁচটি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার ব্যবসায় শিক্ষা ও ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে প্রায় ১০০ জন পরীক্ষার্থীকে ‘বি’ ইউনিটের পরিবর্তে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের উত্তরপত্র প্রদান করা হয়। ভুল উত্তরপত্র দেখে হতভম্ব হয়ে পড়েন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। পরে তারা বিষয়টি কক্ষে দায়িত্বরত পরীক্ষককে জানালে দ্রুত সেগুলো পরিবর্তন করে দেওয়া হয়।