কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মিলন নামে (৩৫) এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকা-ের কোনো কারণ জানাতে পারেনি। নিহতের পরিবার বলছে, রাজনৈতিক রেশ ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।  শনিবার  সকাল সোয়া ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা  নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ আব্দুর রহীম এতিমখানার সামনে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

নিহত মিলন উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির মো. ইসমাইলের ছেলে।   

জানা যায়, হামলাকারীরা মিলনকে আটক করে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ আব্দুর রহীম এতিমখানার সামনে নিয়ে যায়। সেখানে তাকে লোহার পাইপ দিয়ে চার ঘণ্টা ধাপে ধাপে পিটিয়ে গুরুতর আহত করে। খবর  পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে  কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী বিবি জুলেখা বলেন, আমার স্বামী মৃত্যুর আগে তার হামলার সঙ্গে জড়িত ২০-২৫ জনের নাম বলে গেছে। তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার এখন কারও নাম, কোনো কিছুই মনে আসছেনা। পরে হামলার সঙ্গে জড়িতদের নাম জানাব। নিহতের স্ত্রী তার স্বামী হত্যার বিচার দাবি করেন।