পহেলা বৈশাখের উৎসব নির্বিঘ্ন করতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

রাজধানীতে পহেলা বৈশাখের উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে নগরীর যাতায়াত স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনাও জারি করা হয়েছে।

ডিএমপি জানায়, আগামী সোমবার (১৪ এপ্রিল) বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। এ উপলক্ষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে ইউটার্ন-টিএসসি মোড়-শিববাড়ী ক্রসিং-রোমানা ক্রসিং-দোয়েল চত্ত্বর-টিএসসি মোড় হয়ে পুনরায় চারুকলা বিভাগে গিয়ে এ শোভাযাত্রা শেষ হবে।

শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুক নগরবাসীকে নিচের রুটগুলো অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে—

১. ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শাহবাগ মোড় হয়ে ডানে গিয়ে কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় দিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন।  
২. নিউমার্কেট দিয়ে আসা লোকজন নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে সংযুক্ত হতে পারবেন।  
৩. পলাশী দিয়ে আসা লোকজন পলাশী হয়ে নীলক্ষেত মোড় থেকে ডানে গিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন।  
৪. চাঁনখারপুল ও বকশী বাজার হয়ে আসা লোকজন পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে মোড় নিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন।

এ উৎসব নির্বিঘ্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।