বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারে আগ্রহ নেই কারও, বিপাকে বিসিবি

ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি সম্প্রচারের জন্য কোনো সম্প্রচার সংস্থা কিংবা বিপণন এজেন্ট আগ্রহ দেখায়নি—এমন এক বিব্রতকর বাস্তবতায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজটি শুরু হওয়ার কথা আগামী ২০ এপ্রিল। সেই লক্ষ্যে গত ১৯ মার্চ বিসিবি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) আহ্বান করে, সঙ্গে চাওয়া হয় আর্থিক প্রস্তাবও। ইওআই জমা দেওয়ার শেষ সময় ছিল ৭ এপ্রিল। তবে বিসিবি কোনো প্রস্তাবই পায়নি।

বিসিবির একজন দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে একটি ইংরেজি দৈনিককে বলেন, 'আমার যতদূর জানা, কেউ আগ্রহ দেখায়নি। তারা মনে করছে, এই দুই ম্যাচের সিরিজটি আর্থিকভাবে লাভজনক হবে না।'

সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের সিরিজগুলো টিভিতে দেখা গেছে টি-স্পোর্টস ও জিটিভির মাধ্যমে। সম্প্রচার স্বত্বের দিকটি সামলেছে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম, যাদের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়েছে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে।

বাংলাদেশে আইসিসির সম্প্রচার স্বত্বধারী প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)-এর সিইও মো. মইনুল হক চৌধুরী বলেন, বিজ্ঞাপন বাজারে চরম মন্দা থাকায় তারা জিম্বাবুয়ে সিরিজের স্বত্বের জন্য আবেদন করার কথাই ভাবেননি।

তিনি বলেন, 'বাজারের অবস্থা এতটাই খারাপ যে কোনো ক্লায়েন্টই বিজ্ঞাপন দিতে আগ্রহী না। আমি (বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান) ফারুক আহমেদ ভাইকে বিষয়টি জানিয়েছি। আবার আমার নিজস্ব কোনো টিভি চ্যানেলও নেই—স্বত্ব কিনলে তারপর আমাকে চ্যানেল খুঁজতে হতো। ফলে আমার পক্ষেও এটি সম্ভব হয়নি।'

বিকল্প হিসেবে, বিসিবি বাধ্য হয়ে হয়তো রাষ্ট্রায়ত্ত বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সিরিজটি সম্প্রচারের ব্যবস্থা নিতে পারে।

এ বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এখনও চূড়ান্ত কিছু হয়নি। আমরা আশাবাদী।'

এই বাস্তবতায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সম্প্রচার পরিকল্পনা নিয়ে বিসিবিকে এখনই নতুন করে ভাবতে হচ্ছে।