কালিয়াকৈরে পুকুরে ভাসছিল নোহা গাড়ি

গাজীপুরের কালিয়াকৈরে রবিবার ভোরে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায় নোহা গাড়িটি। দুপুরে ভাসমান গাড়িটি উদ্ধার করা হলেও কোনো রহস্য উদঘাটন করতে পারিনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার নাওলা এলাকার আশিক নগর পার্কের পাশে একটি পুকুরে ভাসছিল চকলেট কালারের নোহা গাড়ি। রবিবার ভোরে ওই পুকুরে গাড়িটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই গাড়িটি উদ্ধার করে। ওই গাড়ির ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, বলিয়াদি চন্দ্রা ও বাড়ইপাড়া দুটি সড়কে প্রায় প্রতিনিয়ত ডাকাতিসহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত শনিবার দিবাগত রাতেও বলিয়াদি-চন্দ্রা সড়কে দুটি অটোরিকশা আটকিয়ে চালকদের হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে চালকদের কাছ থেকে টাকা-পয়সা ও অটোরিকশা লুটে নেয় ডাকাত দল। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নোহা গাড়িটিও রাতে ডাকাত দলের কবলে পড়ে। এসময় ডাকাতি শেষে নোহা গাড়িটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। কিন্তু গাড়ির লোকজন ও গাড়ির ভেতরে কোনো কিছু না পাওয়া গেলে বিষয়টি রহস্যজনক মনে হয়।  

এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল হক জানান, খবর পেয়ে ওই গাড়িটি উদ্ধার করা হলেও ভেতরে কিছু পাওয়া যায়নি। তবে ওই গাড়ির মালিককে খোঁজে বের করা গেলে এর রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছেন।