নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া ২৪ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণ এবং ১৯ কেজি রূপা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
শনিবার (১২ এপ্রিল) রাতে নাটোর সার্কিট হাউস এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া ঘটনায় ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে পুলিশের হেফাজতে থাকা ছাব্বির নামে এক ব্যক্তির স্বীকারোক্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাটোর সার্কিট হাউসের প্রাচীরের নিচ থেকে ২৪ লাখ ৬৬ হাজার টাকা, প্রায় ১৬ ভরি স্বর্ণ ও ১৯ কেজি রূপা উদ্ধার করে। এছাড়া বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার আদালতের মালখানায় সংঘবদ্ধ চোরের একটি দল প্রথমে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে। এরপর তারা স্টোর রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আনুমানিক নগদ ৬১ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকা, ১৬ ভরি স্বর্ণ এবং ১৯ কেজি রূপা চুরি করে পালিয়ে যায়।
এর আগে চক্রটি আদালতের সিসিটিভি সংযোগ এবং ভিডিও রেকর্ডার বিচ্ছিন্ন করে। এরপর শুক্রবার সকালে আদালতের পুলিশ কর্মকর্তারা অফিসে প্রবেশ করলে স্টোর রুমের তালা ভাঙা দেখতে পান। বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।