আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। আইপিএলের ১৮তম আসরেও নিজেকে ব্যস্ত রেখেছেন রেকর্ডের সঙ্গেই। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ক্রিকেট বিশ্বে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভিন্ন রকমের সেঞ্চুরি করেছেন কোহলি।
রাজস্থানের বিপক্ষে ৩৯ বলে পেয়েছেন ফিফটি। তাতেই গড়েছেন দারুণ কীর্তি। এই ইনিংস দিয়েই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি ফিফটি পূরণ করেছেন বিরাট কোহলি। তারচেয়ে বেশি টি-টোয়েন্টি ফিফটি আছে কেবল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের (১০৮)।
আইপিএলে সবচেয়ে বেশি ফিফটি পেরোনো স্কোরও কোহলি ও ওয়ার্নারের। দুজনেরই ৬৬টি। এবার আইপিএলে নেই ওয়ার্নার ফলে কোহলি সামনে সুযোগ পাচ্ছেন ওয়ার্নারকে ছাড়িয়ে যাওয়ার।
কোহলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬২ রানে। ১৭৪ রানের টার্গেটে বেঙ্গালুরু ম্যাচ জিতেছে ৯ উইকেটে। ৩৩ বলে ৬৫ করা ফিল সল্ট হয়েছেন ম্যাচসেরা।
৬ ম্যাচে ৪ জয়ে বেঙ্গালুরু এবারে উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বর স্থানে।