স্ত্রীকে জবাই করে হত্যা পর ৯৯৯-এ কল করল স্বামী

গাজীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনা ঘটিয়েছেন স্বামী। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে। হত্যার পর জরুরি সেবা ৯৯৯- এ কল দিয়ে ঘটনা জানান স্বামী।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে।

নিহত গৃহবধূ শিমু ইসলাম (৩০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মহান শেখের মেয়ে ও স্বামী মাইনুদ্দিন সিকদার (৩৫) অভিযুক্ত স্বামী মাইনুদ্দিন সিকদার ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পক্কিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি (শিকদার মার্কেট) এলাকার নূর মোহাম্মদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তারা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মাইনুদ্দিন ও শিমুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিন ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন। রাত আনুমানিক ১টার দিকে মাইনুদ্দিন ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে হত্যার বিষয়টি জানালে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাকে আটক করে। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।