নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত  মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝর্না (২৪) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঝর্না ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তার স্বামী শারফিন ফতুল্লার একটি ওয়ার্কশপে ওয়েলডিংয়ের কাজ করতেন। নিহতের পরিবারের অভিযোগ পারিবারিক কলহের জেরে তার স্বামী তাকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. শারফিনকে (৩৪) আটক করেছে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, রবিবার দুপুরের দিকে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তার মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের দাবি ওই নারীকে তার স্বামী হত্যা করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা তার স্বামী শারফিনকে আটক করেছি। তদন্তসাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ এবং দোষী ব্যক্তি সম্পর্কে বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে ওই নারীর শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আত্মহত্যার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা যাচাইবাছাই চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।