ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে আর্সেনাল ও ব্রেন্টফোর্ডের ম্যাচ (১-১) ড্র হয়। তাতে নিজেদের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় লিভারপুল। আজ অ্যানফিল্ডে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যামকে। তাতে শিরোপার আরও কাছে গেল লিভারপুল।
৩২ ম্যাচ শেষে ৭৬ পয়েন্টে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩। অর্থাৎ ১৩ পয়েন্টের পার্থক্য। লিগে মৌসুমে লিভারপুল ও আর্সেনালের ম্যাচ বাকি আর ৬টি করে। লিভারপুল যদি আর দুই ম্যাচ জেতে তবে পয়েন্ট হবে ৮১। আর আর্সেনাল শেষ ৬ ম্যাচই জিতলে তাদের পয়েন্টও হবে ৮১।
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট সমান হলে দেখা হয় গোল পার্থক্য। সেখানেও ভালোভাবেই এগিয়ে আছে আর্না স্লটের দল। এখন পর্যন্ত আর্সেনালের চেয়ে ১৩ গোলে এগিয়ে লিভারপুল।
আজ ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সে সালাহর ছোট পাস ফাঁকায় পেয়ে অনায়াসে জালে জড়ান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। এবারের লিগে তার গোল হলো ১১টি। ৮৬ মিনিটে দুর্ভাগ্যবশত গোল হজম করে লিভারপুল (আত্মঘাতী গোল)। ৮৯ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন ভার্গিল ফন ডাইক।