ঈশ্বরগঞ্জে শিশুদের রঙিলা বৈশাখ 

সময়ের চাকা ঘুরে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। নতুন সূর্য উদিত হয়ে জানিয়ে দিল বিদায় ১৪৩১, স্বাগত ১৪৩২। আজ পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষ শুধু একটি তারিখ নয়, বাঙালির আবেগ, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। বছরের প্রথম দিনটির নামই যেন হৃদয়ে এক আনন্দময় ধ্বনি তোলে পহেলা বৈশাখ।
 
তারই প্রতিফলন দেখা গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শিশুদের মাঝে। সোমবার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ পৌর শহরের  শিশুরা সেজেছে, নেচেছে, পেখম তুলেছে গানে, নাচে, অভিনয়ে, আবৃত্তিতে। সকাল বেলা আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া হতে শুরু করে মেলায় ঘোরা, পান্তা-ভর্তা খাওয়ার মতো রীতি দেখা গিয়েছে উপজেলা পরিষদের হলরুম ও ঈশ্বরগঞ্জের বিভিন্ন স্থানে।
 
ঈশ্বরগঞ্জ পৌর শহরে দেখা গেছে, বৈশাখী সাজে ছেলেরা পাঞ্জাবী বা বৈশাখের রং মেচিং করে লাল সাদা গেঞ্জি ও লুঙ্গি পড়েছে। আর মাথায় বেঁধেছে গামছা। অপরদিকে মেয়েরা লাল-সাদা শাড়ির সাথে পড়েছে পছন্দসই ব্লাউজ। সঙ্গে ছিল চুলে বেলি ফুলের মালা এবং কপালে লাল টিপ, গলায় মালা।
 
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠানে আসা সোহেলী আক্তার প্রভা, লালিসা দাস মিষ্টি, উম্মে ফাতেমা ও সৈকত হাসান জানায়, আমাদের স্কুল থেকে শোভাযাত্রা নিয়ে আমরা উপজেলায় এসেছি৷ বৈশাখী জামাকাপড় পড়েছি। গান, কবিতা ও হাসি আনন্দে সবাই অনেক মজা করছি। আমাদের খুব  ভালো লাগছে। 
 
ঈশ্বরগঞ্জে বর্ষবরণে শিশুদের রঙিলা বৈশাখ