দুইবার ক্রসবারে মারলেন মেসি; পয়েন্ট হারাল মায়ামি

বারবার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেনি ইন্টার মায়ামি। এমনকী স্বয়ং লিওনেল মেসিও দুটি সুবর্ণ সুযোগ মিস করেছেন। অফ সাইডে বাতিল হয়েছে লুইস সুয়ারেজের গোল। ফলে শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো ইন্টার মায়ামিকে।

সোমবার শিকাগোর মাঠে ম্যাচের প্রথমার্ধ ছিল ম্যাড়ম্যাড়ে। দুই দলই রক্ষণ জমাট রেখে অগোছালো ফুটবল খেলেছে। সব মিলিয়ে ৭টি শট ঠেকিয়েছেন মায়ামি গোলকিপার অস্কার উস্তারি। অন্যদিকে শিকাগোর গোলকিপার ক্রিস ব্র্যাডি থামান ৩টি শট, এর মাঝে একটি মেসির শটও আছে। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির ফ্রি-কিকে বল ব্র্যাডির আঙুল সামান্য ছুঁয়ে ক্রসবা রে লাগে।

৮৪ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন মেসি। কর্নার স্পটের কাছ থেকে নেওয়া তার শট এবারও গিয়ে লাগে ক্রসবারে। পরের মিনিটেই মেসির লম্বা করে বাড়ানো বল বাম পায়ের শটে জালে পাঠান সুয়ারেজ। কিন্তু তিনি বলে পা ছোঁয়ানোর আগেই অফসাইডের বাঁশি বাজান রেফারি। গোলের জন্য ১৬টি শটে ৭টি লক্ষ্যে রেখেছে শিকাগো। অন্যদিকে মায়ামির ১০ শটের ৩টি ছিল লক্ষ্যে।