শৈলকুপায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় চাঁদা না দেওয়ায় আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা। রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শৈলকুপা হাসপাতালে ভর্তি রয়েছেন আলম শেখ। 

তিনি মির্জাপুর গ্রামের লুৎফর শেখের ছেলে। 

স্থানীয়রা জানায়, পার কাচেরকোল গ্রামের হাজী শওকতের গরু ফার্মে কাজ করতেন আলম শেখ। সম্প্রতি ফার্মের মালিককে স্থানীয় কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা ধরে। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গরু ফার্মের ম্যানেজার আলম শেখের ওপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে গুরুত্ব জখম করে চাঁদাবাজরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আলম শেখ জানান, দীর্ঘদিন ধরে গরু ফার্মের মালিক শহীদকে কিছু চাঁদাবাজ চাঁদার দাবিতে হুমকি ধামকি দিয়ে আসছিল। ফার্মের মালিক দেশের বাইরে থাকায় চাঁদা না পেয়ে তারা ফার্মে উৎপাত চালিয়ে আসছিল। রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে ফার্ম থেকে বের হন তিনি। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।