জাতীয় দলের কারও সঙ্গে দ্বন্দ্ব নেই: ফাহমেদুল

জাতীয় ফুটবল দলের তারকাদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই—গুঞ্জন উড়িয়ে সাফ জানিয়ে দিলেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। বরং সবার সঙ্গে তার সম্পর্ক চমৎকার বলেই দাবি তরুণ এই উইঙ্গারের। অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন বলে জানিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন ফাহমেদুল। সে সুবাদে দেশে ফিরে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন। অনুশীলনে ভালো করেও জায়গা হয়নি মূল দলে। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, ‘সিন্ডিকেটের শিকার’ হয়ে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। এমনকি, সেই কথিত সিন্ডিকেটে নাকি জাতীয় দলেরই কয়েকজন খেলোয়াড় যুক্ত। ফলে অনুমান চলছিল—ফাহমেদুলের সঙ্গে হয়তো কিছু ফুটবলারের সম্পর্ক ভালো নেই।

তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন—এমনটাই জানালেন এই উইঙ্গার। গণমাধ্যমে চলা গুঞ্জনের বিপরীতে রীতিমতো কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে ফাহমেদুল বলেন, ‘আমি সবাইকে মিস করি। সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। এখনও মাঝেমধ্যে কথা হয়। ওইদিন জামাল ভাইয়ের জন্মদিন ছিল, শুভকামনা জানিয়েছি। আল্লাহ চাইলে তাদের সঙ্গে আবারও খেলব, ইনশাআল্লাহ।’

জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন বুকে ধারণ করে দেশে ফেরা ফাহমেদুল অল্প সময়েই প্রশিক্ষণে ছাপ রেখেছেন। বিশেষ করে উইংয়ে তার গতি, স্কিল ও পজিশনিং নজর কেড়েছে অনেকোর। মাঠের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন যারা সামনে থেকে দেখেছেন, তারাই বলছেন, এই তরুণের মধ্যে ভবিষ্যতের বড় তারকা হওয়ার সব যোগ্যতা আছে।

ফাহমেদুল আরও বলেন, ‘বাংলাদেশি ফুটবল দর্শকদের ধন্যবাদ জানাই। তারা আমাকে অনেক সাপোর্ট করছে। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন ভালো খেলতে পারি।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে ফাহমেদুলের অভিষেক হতে পারে। টিম ম্যানেজমেন্ট ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে বলেও আভাস মিলেছে।

ভক্তদের প্রত্যাশা, খুব শিগগিরই জাতীয় দলের জার্সি গায়ে ফাহমেদুল ফিরবেন মাঠে—সেখানে যেমন তার নিজের স্বপ্ন, তেমনি দেশের ফুটবলেও জ্বলবে এক নতুন আশার আলো।