জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গণহত্যা মামলার আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
খুদে বার্তায় বলা হয়েছে, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।
গতকাল রোববার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়।
৩০তম বিসিএসের পুলিশ ক্যাডার অনির্বান চৌধুরী ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরে ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত রয়েছেন।
অপরদিকে ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন।