মির্জা ফখরুল

আলোচনা ও ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এই ঐক্য আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সফল হব।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে তিনি এসব বলেন।

তিনি বলেন, জাতির আশা বাংলা ১৪৩২ সাল দেশের জন্য একটা নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে এটাই আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি অতীতের সব ধুলাবালি-জঞ্জাল উড়িয়ে দিয়ে এই বৈশাখ সমৃদ্ধ নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।

এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম।

৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।