টাঙ্গাইলের মির্জাপুরে আসামি গ্রেপ্তার ও বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আসামির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধরা ওই বাড়ির ৪টি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে গিয়াস উদ্দিন নামক এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) এই ঘটনার সূত্রপাত। ওইদিন গিয়াস উদ্দিনের কলা বাগানে তারই চাচা আকবর আলীর ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন আকবর আলী (৬৫)। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শনিবার (১২ এপ্রিল) ওই ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৫ জনের নামে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয় এবং ওই রাতেই দুইজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে সোমবার বিকেলে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উত্তেজিত জনতার একটি অংশ গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ-সেনাবাহিনীর যৌথ অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা।