ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে আবারও ফিরতে পারেন আলোচিত আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। নেইমার জুনিয়রের ঘরোয়া ক্লাবটির হাল ধরতে এখন তার নামই সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। পেদ্রো কাশিনহার বিদায়ের পর নতুন কোচ খুঁজছে সান্তোস, আর সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিজ্ঞ লাতিন কোচ।
ব্রাজিলের গণমাধ্যম ও গ্লোবো-কে দেওয়া তথ্য অনুযায়ী, ক্লাবটির সভাপতি মার্সেলো তেইশেইরা সাম্পাওলিকেই পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন। যদিও বোর্ডের একাংশ তার নিয়োগের বিরুদ্ধে, কারণ হিসেবে উঠে এসেছে কোচের অতিরিক্ত চাহিদা ও কিছুটা ‘কঠিন’ ব্যবস্থাপনা-শৈলী।
২০১৯ সালে সান্তোসে সাম্পাওলির প্রথম অধ্যায় ছিল বেশ সফল। সেই মৌসুমে তার অধীনে দলটি ৩৪টি জয়, ১৫টি ড্র এবং ১৫টি হারের মুখ দেখেছিল। পারফরম্যান্সেও ছিল ধারাবাহিকতা—ব্রাজিলের শীর্ষ লিগে রানার্সআপ হয় দলটি, ফ্ল্যামেঙ্গোর ঠিক পরেই।
তবে সেই অধ্যায়ের শেষটা ছিল বিতর্কিত। চুক্তির একটি ধারা ভঙ্গের অভিযোগে ক্লাব ছাড়েন সাম্পাওলি, এরপর নিয়ে আসেন ৪৪ লাখ রিয়ালের (প্রায় ৮ লাখ ডলার) মামলা। কোর্ট তার পক্ষে রায় দেয়। বিষয়টি ক্লাব-সমর্থকদের একাংশের মনে এখনও তিক্ততা হয়ে রয়ে গেছে।
তবে এবার যদি ফেরেন, তাহলে এক নতুন চ্যালেঞ্জ তার অপেক্ষায়—সান্তোসে এখন খেলছেন নেইমার জুনিয়র। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই কোচ তার ২০১৮ বিশ্বকাপ অভিজ্ঞতা থেকে শিখেছেন বলেই জানালেন সম্প্রতি গ্লোবো এসপোর্তে-কে দেওয়া এক সাক্ষাৎকারে।
'আমরা ভুল বিশ্লেষণ করেছিলাম, ভুল সমাধান দিয়েছিলাম। এখন হলে ভিন্নভাবে করতাম,' আত্মসমালোচনায় বললেন সাম্পাওলি।
নিজের স্বভাব নিয়ে সরাসরিই বললেন, 'আমি খুবই খোলামেলা একজন মানুষ, যা অনেক সময় আমার বিরুদ্ধে যায়। যা মনে হয়, তা-ই বলি। কিন্তু সবাই সেটা পছন্দ করে না।'
সাম্প্রতিকতম দায়িত্ব ছিল ফরাসি ক্লাব রেঁসে, তবে মাত্র ১০ ম্যাচেই সম্পর্কচ্ছেদ। স্থানান্তর বাজারে চাওয়া-পাওয়ার মিল না থাকায় দায়িত্ব ছাড়তে বাধ্য হন বলে জানান তিনি।
সান্তোসের মতো ঐতিহ্যবাহী ক্লাব আবারও সাম্পাওলির ওপর ভরসা রাখবে কিনা—তা সময়ই বলে দেবে। তবে আবারও যদি দুই পক্ষের পথ মিলে যায়, তাহলে ব্রাজিলিয়ান ফুটবলে সাম্পাওলি অধ্যায় নতুন মোড় নিতে পারে।