কোহলি-গেইলদের রেকর্ড ভাঙলেন সাহিবজাদা ফারহান

ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সেঞ্চুরি মানেই যেন ব্যাটসম্যানদের ব্যাটে ঝড় ওঠা। সে ঝড় বয়ে যায় মাঠ থেকে দর্শকের মনেও। তবে এমন একটি ঝড় বইলেও তা অনেকের অজানাই থেকে গেল। আইপিএলের চাকচিক্যে ঢাকা পড়ে গেল সাহিবজাদা ফারহানের অসাধারণ এক ইনিংস ও বিশ্বরেকর্ড।

পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান—নামটা অনেকের কাছেই অপরিচিত। জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ৯টি টি-টোয়েন্টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ছিলেন অনেকটাই উপেক্ষিত। বিপিএলে তো দেখা পর্যন্ত যায়নি। অথচ এই অচেনা মুখই গড়েছেন টি-টোয়েন্টির নতুন ইতিহাস।

গতকাল রাতে পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৫২ বলে ১০৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন ফারহান। তার ব্যাটিং ঝলকেই জয়ের ভিত পায় ইসলামাবাদ। তবে শুধু ম্যাচ জেতানো নয়, এই ইনিংসই তাকে পৌঁছে দেয় ইতিহাসের পাতায়।

এই সেঞ্চুরির মাধ্যমে ফারহান নাম লেখালেন এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে ৪ সেঞ্চুরির অভিজাত তালিকায়। তবে তিনি আলাদা এক উচ্চতায়—মাত্র ৯ ইনিংসে এই কীর্তি গড়েছেন। এত কম ইনিংসে এমন কৃতিত্ব এর আগে কেউ দেখাতে পারেননি।

একনজরে এক বছরে ৪ সেঞ্চুরির জন্য ব্যাটসম্যানদের ইনিংস সংখ্যা:

০৯ ইনিংস: সাহিবজাদা ফারহান (২০২৫)

১৬ ইনিংস: জশ বাটলার (২০২২)

২২ ইনিংস: শুভমান গিল (২০২৩)

২৫ ইনিংস: বিরাট কোহলি (২০১৬)

৩০ ইনিংস: ক্রিস গেইল (২০১১)

এ কীর্তির সুবাদে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এক বছরে চারটি টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিকও হয়ে গেলেন ফারহান। তার এই পথচলা শুরু হয়েছিল লাহোরের বিপক্ষে ১১৪ রানের ইনিংস দিয়ে, এরপর কোয়েটার বিপক্ষে ১৬২ ও অ্যাবোটাবাদের বিপক্ষে ১৪৮। আর এই তিনটি ইনিংস খেলেছেন মাত্র ৯ দিনের ব্যবধানে!

পিএসএলে প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচেই ব্যাটে বাজালেন রেকর্ডের ঘণ্টা। নাম লেখালেন টি-টোয়েন্টির ইতিহাস বদলে দেওয়া সেই তালিকায়, যেখানে রয়েছে গেইল, কোহলি, বাটলার, গিলের মতো তারকারা।

সাহিবজাদা ফারহানের এই কীর্তি যেন বলে দেয়—আলোয় না এলেও কেউ কেউ নিজ আলোতেই ইতিহাস গড়ে।