জোড়া গোলে আতলেতিকোর শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন আলভারেজ

লা লিগার শিরোপা দৌড়ে এখনো হাল ছাড়ছে না আতলেতিকো মাদ্রিদ। সোমবার রাতে নিজেদের মাঠে দুর্বল প্রতিপক্ষ ভায়াদলিদের বিপক্ষে ৪-২ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে দিয়েগো সিমিওনের দল। ম্যাচে দুটি পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

টানা ১০ ম্যাচে হারা ও ১১ ম্যাচে ৩২ গোল খাওয়া ভায়াদলিদ এই ম্যাচেও চাপে ছিল। তবে ২০ মিনিটেই চমকে দেয় আতলেতিকোকে। পেনাল্টি থেকে গোল করে ভায়াদলিদকে এগিয়ে দেন মামাদু সিলা।

তবে সেই আনন্দ টিকলো মাত্র চার মিনিট। আতলেতিকোর তরুণ ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আলভারেজ।

তিন মিনিট পরই দারুণ এক একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে নেন সিমিওনে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আতলেতিকো।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভায়াদলিদ। ৫৫ মিনিটে হঠাৎই সমতা ফেরায় তারা। হাভি সানচেজের ফ্রি কিক ডিফ্লেক্ট হয়ে গোলরক্ষক ইয়ান ওব্লাককে বোকা বানিয়ে জালে জড়ায়।

আবারও এগিয়ে যেতে দেরি করেনি আতলেতিকো। ৬৫ মিনিটে আরেকটি পেনাল্টি পায় তারা, গোল করেন সেই আলভারেজ। শেষ দিকে ব্যবধান বাড়ান আলেক্সান্ডার সোরলথ। গোলরক্ষকের কাছ থেকে রিবাউন্ড পেয়ে সহজেই বল জালে পাঠান এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

এই জয়ে আতলেতিকোর পয়েন্ট দাঁড়ালো ৭০, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র তিন পয়েন্ট পেছনে। শীর্ষে থাকা বার্সেলোনা আছে আরও চার পয়েন্ট এগিয়ে।

অন্যদিকে ১৬ পয়েন্টে লিগ টেবিলের একেবারে তলানিতে থাকা ভায়াদলিদের অবনমন প্রায় নিশ্চিতই ধরে নেওয়া যায়। দ্বিতীয় সর্বনিম্ন স্থানে থাকা লেগানেস থেকেও তারা পিছিয়ে আছে ১৬ পয়েন্টে।