জয়পুরহাটে মেয়র প্রার্থীকে লক্ষ্য করে গুলি, আটক ১ 

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবির পৌরসভার মেয়র প্রার্থী শামিম হোসেন (৩৫) মন্ডলকে লক্ষ‍‍্য করে গুলি করে পালানোর রুবেল হোসেন (৩০) নামে এক ভাড়াটিয়া কিলার গ্রুপের সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় একটি মোটরসাইকেল, একটি ইউএসএ লেখা পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 
 
পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে গত সোমবার (১৪ এপ্রিল) রাত ১০ টায় দিকে ঘটনা ঘটে। আটক রুবেল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে। 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামিম হোসেন পাঁচবিবি শহরের সুপার মার্কেটের সামনে বসে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ৬ জন হেলমেট পরিহিত বহিরাগত ভাড়াটিয়া খুনি শামিমকে লক্ষ‍্য করে গুলি করলে তা লক্ষ‍্যভ্রষ্ট হয়। এ সময় শামিম চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে খুনিদের ধাওয়া দিলে দুটি মোটরসাইকেলে করে খুনিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা একজনকে মোটরসাইকেল ও রিভালভারসহ আটক করে। অন্যরা পালিয়ে যায়।
 
রুবেলকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয়। এতে করে সে আহত হলে তাকে পাঁচবিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন‍্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জয়পুরহাট পাঠান। বর্তমানে সে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
শামীম হোসেনের নেতাকর্মীদের অভিযোগ, তিনি পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে। এরই শত্রুতার জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে। 
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হক বলেন, এ ঘটনায় ফরিদপুরের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি ইউএসএ লেখা পিস্তল ও ৫ রাউন্ড গুলি এবং একটি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। রাতে অভিযোগ পেয়েছি এখন মামলার রেকর্ডের প্রস্তুতি চলছে। 
মামলাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।