হামজার লিগের ক্লাবের মালিক হচ্ছেন মদরিচ

ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলেন বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। সেই একই লিগের ক্লাব সোয়ানসি সিটির মালিকানায় যুক্ত হলেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদরিচ। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার সোয়ানসির আংশিক মালিক হয়ে নতুন এক অধ্যায় শুরু করলেন নিজের ক্যারিয়ারে।

৩৯ বছর বয়সী মদরিচ বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব সোয়ানসিতে অংশীদারিত্ব নিয়ে ফেললেন এই বিশ্বকাপ রানারআপ অধিনায়ক।

মদরিচ বলেন, 'সোয়ানসির শক্তিশালী পরিচিতি, অসাধারণ সমর্থকগোষ্ঠী ও উচ্চাকাঙ্ক্ষা আমাকে আকৃষ্ট করেছে। দীর্ঘদিন মাঠে খেলার অভিজ্ঞতা থেকে আমি ক্লাবের পাশে থাকতে চাই। ক্লাবের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে এবং একটি রোমাঞ্চকর ভবিষ্যৎ গড়তে সহায়তা করাই আমার লক্ষ্য।'

মদরিচের এই অংশীদারিত্ব ক্লাবের সাম্প্রতিক পরিবর্তনের ধারাবাহিক অংশ। মার্কিন মালিক অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট এবং জেসন কোহেনের নেতৃত্বে চলছে ক্লাব পরিচালনা। কিছুদিন আগেই টম গোরিনজকে নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রধান নির্বাহী হিসেবে, যিনি ব্রিস্টল রোভার্স থেকে যোগ দিয়েছেন। ফুটবল পরিচালকের দায়িত্বে যোগ দিয়েছেন রিচার্ড মন্টাগু, যিনি নটস কাউন্টি থেকে এসেছেন।

আলান শেহান কোচের দায়িত্ব নেওয়ার পর সোয়ানসির পারফরম্যান্সেও এসেছে বদল। শেষ নয় ম্যাচে ১৭ পয়েন্ট অর্জন করে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে দলটি। শুক্রবার হাল সিটির বিপক্ষে ম্যাচ রয়েছে শেহানের দলের সামনে। সাম্প্রতিক সাফল্যে তিনি স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

সোয়ানসি ক্লাব এক বিবৃতিতে জানায়, 'ব্যালন ডি’অর জয়ী লুকা মদরিচ আমাদের নতুন বিনিয়োগকারী ও অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন। তার উপস্থিতি ক্লাবের লক্ষ্য ও ভবিষ্যতের প্রতি এক বড় আস্থা এবং স্বীকৃতি। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও ক্লাবের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।'

তবে মালিকানা গ্রহণ মদরিচের খেলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এখনও জাতীয় দল ক্রোয়েশিয়ার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান তিনি। পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়েও ক্যারিয়ার চালিয়ে যেতে আগ্রহী এই মিডফিল্ডার, যদিও ক্লাবের কোচিং স্টাফে পরিবর্তন হলে তার অবস্থান বদলেও যেতে পারে।

রিয়ালে ২০১২ সালে যোগ দেওয়ার পর ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা জিতেছেন মদরিচ। বুধবার আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামতে পারেন তিনি। প্রথম লেগে তিন গোলে পিছিয়ে থাকা রিয়াল ঘুড়ে দাঁড়াতে চায় বার্নাব্যুতে।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল তারকার এমন সিদ্ধান্ত নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। একই লিগে খেলছেন বাংলাদেশি সমর্থকদের গর্ব হামজা চৌধুরী। তার লেস্টার সিটি উঠছে আবার প্রিমিয়ার লিগে। আর এই লিগেই নতুন ভূমিকায় হাজির লুকা মদরিচ। ফুটবলে যেন শুরু হচ্ছে নতুন এক যুগ।