টাঙ্গাইলে সেফটি ট্যাংকে কলেজ শিক্ষার্থীর লাশ

টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। 

নিহত আব্দুল আলীম (১৮) ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। আব্দুল আলীম কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শ্বাসরোধ করে আব্দুল আলীমকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশা বসত ঘরের পেছনে টয়লেটের সেফটি ট্যাংকর ভেতরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল।

আব্দুল আলীম গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।