গান, আড্ডা, নৃত্য, যাদু, আবৃত্তি, শোভাযাত্রা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করলেন প্রকৌশলীরা। কারিগরি বিষয়ের মতো জটিল আর নিরস কাজের সঙ্গে যুক্ত এই প্রকৌশলীরা উৎসবের রঙে রাঙিয়ে তুললেন নিজেদের।
সোমবার বৈশাখের এই আয়োজন করা হয় রাজধানীর রমনায় পেশাজীবী প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চত্বরে।
আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। এরপর নতুন ভবনের সামনের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। বর্ষবরণ অনুষ্ঠান ছাপিয়ে আইইবি চত্বর হয়ে উঠেছিল প্রকৌশলীদের মিলনমেলা। আনন্দ উচ্ছাসে মেতে উঠেছিলেন সবাই।
এতে প্রধান অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। আইইবি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় একের পর এক মন মাতানো, চোখ ধাধানো নানা আয়োজনের সঙ্গে ছিলো নানান পদের বাঙালি খাবারের পসরা।
যাদু শিল্পী দম্পতি প্রেমলাল ও লাবণ্য তাদের যাদুর ঝাপি খুলে দেখাতে লাগলেন নানারকমের যাদু। তা দেখে উপস্থিত সবাই থ হয়ে গেলেন। যাদুর মোহ কাটতে না কাটতেই শুরু হয় গান, নৃত্য। সঙ্গে ছিল কবিতা আবৃত্তিসহ মজার মজার সব আয়োজন।
জনপ্রিয় কন্ঠশিল্পী কণাসহ অন্যান্য শিল্পীদের গাওয়া গানের সুরের মুর্ছনায় বিমোহিত হয়ে পড়েন উপস্থিত সবাই। মনমাতানো এসব অনুষ্ঠান উপভোগের পাশাপাশি মজাদার বাঙালি খাবারের স্বাদ নিতে বেলা গড়িয়ে কখন যে দুপুর হয়ে গেল তা খেয়াল ছিলো না কারোরই। বর্ণাঢ্য এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দেশ রূপান্তর।
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবির নেতা প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবি সদর দপ্তরের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবির কেন্দ্রীয় কাউন্সিল, ডিভিশনাল বিভাগীয় কমিটি, আইইবি মহিলা কমিটির বিভিন্ন নেতা।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত¡শাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় পাঁচশতাধিক প্রকৌশলী সপরিবারে অংশ নেন এই অনুষ্ঠানে।