রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহপুরে লিপি বেগম (৪৫) ও হাজারীবাগ বেরিবাধে রুহুল আমিন তাসিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উত্তর আব্দুল্লাহপুর বাস চাপায় আহত হন লিপি বেগম (৪৫)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আর সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ শেখ রাসেল স্কুলের সামনে কাভার্ডভ্যান ধাক্কায় মোটরসাইকেল চালক রুহুল আমিন (২৫) ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আশিক (২৫) ও ফারুক (২৬) দুই আরোহী আহত হয়েছেন।

উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া জানান, লিপি বেগমের বাড়ি ঝালকাঠি জেলায়। বর্তমানে দক্ষিণখান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামীর নাম মো. কামাল হোসেন। উত্তরা কামারপাড়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। সকালে বাসা থেকে কামারপাড়া কর্মস্থলে যাচ্ছিল তিনি। আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারা হওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপা দেয় তাকে। পরে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ শেখ রাসেল স্কুলের সামনে একটি মোটরসাইকেল যাচ্ছিলেন ৩ জন। এ সময় একটি কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে মারা যায় চালক রুহুল আমিন (২৫)। আহত হন দুই আরোহী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

রুহুল আমিনের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার ফকিরাবাড়ি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন। তারা ৩ জনই নিউমার্কেটে দোকানে কাজ করেন।