মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসের ওপর ফের চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও গ্রিনল্যান্ড নিয়ে প্রতিবেদন প্রচারের পর পরই তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়, রবিবার সিবিএস নিউজ ম্যাগাজিনে পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সিক্সটি মিনিটস’-এর তীব্র সমালোচনা করে বলেন— নেটওয়ার্কটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তার পেছনে লেগে থাকার জন্য ‘চরম মূল্য’ দিতে হবে।
সিবিএসের সিক্সটি মিনিটসে প্রায় প্রতি সপ্তাহেই তার নাম অবমাননাকর ও অসম্মানজনকভাবে উপস্থাপন করছে উল্লেখ করে ট্রাম্প বলেন এবার তারা সব সীমা ছাড়িয়ে গেছে। এ কাজের জন্য তাদের কড়া মাশুল গুনতে হবে।
সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিবেদনের তীব্র সমালোচনা করে এমনই পোস্ট দেন ট্রাম্প। প্রতিবেদনে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গত রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেন যুদ্ধ ও গ্রিনল্যান্ড ইস্যুতে দুটি প্রতিবেদন সম্প্রচার করে ৬০ মিনিটস।
ট্রাম্প বলেন, ‘৬০ মিনিটস এখন আর কোনো সংবাদ প্রচারের অনুষ্ঠান নয়। এটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য সংবাদ মাধ্যমের ‘লেবাসধারী’। আগে যা করেছে কিংবা এখন যা করছে, সবকিছুর জন্যই তাদের জবাবদিহি করতে হবে।’
তবে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি সিবিএস নেটওয়ার্ক।
এর আগে গত বছরের ৩১ অক্টোবর সিবিএসের বিরুদ্ধে এক কোটি ডলারের মামলা করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে প্রচারের সময় তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বক্তব্য সম্পাদনা করে সম্প্রচার করায় এই মামলা করেছিলেন তিনি।