রাজধানীর নিউমার্কেট থানাধীন সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
গতকাল মঙ্গলবার দুপুরে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, সকাল ১০টার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের প্রায় ২৫০-৩০০ শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নিলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আধঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই কলেজের শিক্ষার্থীদের যার যার ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়া হয়।
সংঘর্ষের কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে এমন ঘটনা ঘটে। আজকের (মঙ্গলবার) ঘটনার সঠিক কারণ জানা নেই। তবে শোনা গেছে, এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজের শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে মারধর করেছে। পরে আরেক পক্ষ আবার মারধর করে। এ থেকেই উত্তেজনার সূত্রপাত হয়।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি ‘কথা-কাটাকাটির’ জেরে সায়েন্সল্যাব এলাকাতেই সংঘর্ষে জড়ায় সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
গত বছর ১০ সেপ্টেম্বর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেদিন ১৮ জন আহত হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওইদিন আইডিয়াল কলেজের নামফলকও খুলে নিয়ে যেতে দেখা যায়।
ঢাকার সায়েন্সল্যাব মোড়ের কাছে এক কিলোমিটারেরও কম দূরত্বে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের ক্যাম্পাস। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছরই কয়েকবার করে সংঘর্ষে জড়ায় নানা কারণে।