রাজধানী বাগদাদসহ ইরাকের বিভিন্ন প্রদেশে প্রবল বালুঝড় বয়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩ হাজার ৭৪৭ জন।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আইএনএ-কে জানান, গতকাল মঙ্গলবার বাগদাদ এবং অন্যান্য প্রদেশে বালুঝড়ের কারণে শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে এই রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
তিনি বলেন, ‘বাগদাদ এবং দক্ষিণাঞ্চলীয় শহর আল মুথান্নায় সবচেয়ে বেশি রোগী এসেছে। বাগদাদে ১ হাজার ১৪ জন এবং আল মুথান্নায় ৮৭৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’ বাকি রোগীরা ইরাকের অন্যান্য অঞ্চলের বাসিন্দা।
সাঈফ আল বদর আরও জানান, হাসপাতালগুলোতে আসা রোগীদের মধ্যে একটি ক্ষুদ্র অংশ গুরুতর অসুস্থ ছিলেন এবং তাদের উচ্চতর চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, মঙ্গলবারের এই বালুঝড়ে কোথাও মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘গুরুতর অসুস্থ রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট ওষুধ, মেডিকেল সাপ্লাই এবং অক্সিজেন রয়েছে।’
ইরাকে বালুঝড় একটি বিরল দুর্যোগ নয়, তবে পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের ঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান পঞ্চম।