কক্সবাজার জেলার রামু থানার ওয়ারলেস অপারেটর (কনস্টেবল) জাহিদুল ইসলামসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় অভিযুক্তদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার রাত ১টা পর্যন্ত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। আজ বুধবার সকালে ডিএনসি’র ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অভিযান পরিচালনা করেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে ও রামু থানার কনস্টেবল জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার অভিজিৎ চৌধুরী (৩৫) এবং রাউজান উপজেলার বাইন্যারহাট, ডাবুয়া এলাকার পূষন চৌধুরী (৩৭)।
সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মন্ডলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির সামনে পার্কিং করা প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জাহিদুলের বাসায় প্রায়ই অপরিচিত লোকজনের আসা-যাওয়া চলত। তারা পুলিশ পরিচয়ে এলাকাবাসীকে ভয়ভীতি দেখাতেন। ওই বাসায় নিয়মিত ইয়াবা সেবন এবং মাদকের আড্ডা চলত বলেও অভিযোগ করেছেন তারা।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সৌদি প্রবাসী মুবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগমের মালিকানাধীন ওই ভাড়া বাসায় কনস্টেবল জাহিদুল দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। অভিযানের সময় ওই বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম ও বিদেশি মদের খালি বোতলও জব্দ করা হয়েছে।