কুমিল্লার চৌদ্দগ্রামে রেহেনা আক্তার (৪০) নামে এক অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানুর রহমান পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, অভিযুক্ত মিজানুর রহমান অজ্ঞাতনামা আরও ৭/৮ জন সন্ত্রাসী রেহেনার বাড়ীতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেহেনা আক্তারকে ব্যাপক মারধর এবং শ্লীলতাহানি করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী রেহেনা আক্তারের ভাই মো. কামাল হোসেন বলেন, ‘অভিযুক্ত মিজানুর রহমান আমার বোনের সাবেক স্বামী। ২০২১ সালে তার সাথে আমার বোনের ডিভোর্স হয়। ১৪ এপ্রিল সে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে এসে আমার বোনের উপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’
চৌদ্দগ্রাম থানা সহকারী উপ-পরিদর্শক মো. মহিন উদ্দীন জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।