চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটসে আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। আজ নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে কঠিন পরীক্ষা রিয়ালের। তিন গোলে পিছিয়ে থেকে ফিরে আসা সহজ কথা নয়। তবে চ্যাম্পিয়নস লিগে যে এমনটি কখনো ঘটেনি তাও না।
সবশেষ ২০১৯ সালে লিভারপুল এমন কীর্তি গড়েছিল সেমিফাইনালে। প্রথম লেগে বার্সার মাঠে ৩-০ তে হেরেছিল তারা, দ্বিতীয় লেগে দলটি জেতে ৪-০ তে।
দলীয় প্রচেষ্টায় চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের বড় ব্যবধানে হারের ঘাটতি পুষিয়ে নিতে একজনের কাছে বাড়তি প্রত্যাশা করছেন আনচেলত্তি। তিনি হলেন কিলিয়ান এমবাপ্পে।
সবশেষ লা লিগা ম্যাচে আলাভেসের বিপক্ষে রিয়ালের ১-০ গোলে জয়ের দিন লাল কার্ড দেখে মানসিকভাবে একটু নড়বড়ে অবস্থায় আছেন এমবাপ্পে। মেজাজ হারানোয় সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন। লিগে লাল কার্ড দেখায় চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলতে বাধা নেই এমবাপ্পের।
সংবাদ সম্মেলনে এমবাপ্পের মনের অবস্থা, আর তার কাছে প্রত্যাশার কথা জানান আনচেলত্তি। 'যেটা ঘটেছিল, তা নিয়ে সে কষ্ট পেয়েছিল, হতাশ হয়েছিল। তবে সে খুবই ভালো অনুশীলন করেছে, খুবই অনুপ্রাণিত। তাকে আমাদের প্রয়োজন। আমাদের কেবল রক্ষণ সামলালে চলবে না, গোলও করতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে (বুধবার) তার গোল আমাদের বেশি প্রয়োজন।'
আনচেলত্তি নিশ্চিত সামর্থ্যের সবটুকু দিয়ে লড়বে তার দল। 'আমি ছেলেদের সাথে এই ম্যাচের আবেগ নিয়ে কথা বলেছি, কেমন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, সেটা নিয়ে কথা বলেছি। আমরা কাঙ্ক্ষিত ফল পাব কি না নিশ্চিত নই, কিন্তু আমাদের সবটুকু ঢেলে দেব।'
গতকাল ডর্টমুন্ড নিজেদের মাঠে লড়াই করেছে, অ্যাস্টন ভিলাও নিজেদের কাজটা প্রায় করেই ফেলেছিল। দুই ক্লাবই পিছিয়ে থাকার পরও ম্যাচ জিতেছে। তবে দুই লেগ মিলিয়ে তা যথেষ্ট হয়নি। এবার দেখার পালা রিয়াল মাদ্রিদ ফিরে আসতে পারে কিনা।