বগুড়ায় যুবলীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী আটক

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় যুবলীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ও বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক টাকা ধুকুরিয়া গ্রামের মো. আল আমিন খান (৩৭), ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্ডিপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৪০), ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, ছোনকা পূর্বপাড়া গ্রামের মো. সোহেল রানা (৪৫) ও ভবানীপুর ইউনিয়নের যুবলীগ কর্মী মো. শাহ আলম (২৮)।

সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে আল আমিন খানকে এবং বুধবার বেলা সাড়ে ১১টা ভবানীপুর ইউনিয়নের দলিল এলাকা থেকে বাকি তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।