১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু

চীনের এক বিল্ডিংয়ের ১১ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজা। তার বয়স হয়েছিল ২৮ বছর।

২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশনস (আফকন) টুর্নামেন্টে গ্যাবনের হয়ে খেলেছিলেন বুপেন্দজা। জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন চীনের ক্লাব ফুটবলে। চাইনিজ ক্লাব জিজিয়াং এফসির হয়ে খেলছিলেন মৃত্যুর আগপর্যন্ত।

বুপেন্দজা এর ফুটবল ক্যারিয়ার শুরু হয় স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড। তুর্কি লিগে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন।