যে দলের বিপক্ষে বাজে পারফরম্যান্সে তীব্র সমালোচনার মুখে পড়েন, জায়গা হারান স্কোয়াডে, সাত দিন পর সেই লিওঁর বিপক্ষেই দলে ফিরছেন আন্দ্রে ওনানা।
ইউরোপা লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আগামীকাল মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিওঁ। ম্যানইউ কোচ রুবেন আমোরিম এ ম্যাচের স্কোয়াডে ডেকেছেন ওনানাকে।
প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। ম্যানইউর হজম করা দুই গোলেই ছিল ওনানার অবদান! তার ভুলেই গোল হজম করে দল। এরপর প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে ওনানাকে স্কোয়াডে রাখেননি আমোরিম। তবে এক ম্যাচ পরই দলে ফিরছেন ওনানা।
আমোরিম ওনানাকে নিয়ে বলেন, 'একজন কোচ ও সাবেক ফুটবলার হিসেবে প্রথমত আমি সেই সব কাজ করি, যা এমন পরিস্থিতিতে একজন খেলোয়াড়কে সাহায্য করতে পারে। আমরা খেলোয়াড়দের শারীরিক সুস্থতাকে গুরুত্ব দেওয়ার কথা বলি, কিন্তু তাদের মানসিক অবস্থার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। মাঝে আমাদের খেলা গেছে, ওই ম্যাচে না খেলাটাই আন্দ্রে ওনানার জন্য ভালো ছিল। আগামীকাল (বৃহস্পতিবার) সে (ওনানা) খেলবে।'
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত একটায় ওল্ড ট্র্যাফোর্ডে খেলবে ম্যানইউ ও লিওঁ।