সরকারি সফরে স্বামী-স্ত্রী-সন্তান নিতে পারবেন না কর্মকর্তারা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একইসঙ্গে কোনও ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নেও বিদেশ ভ্রমণ করা যাবে না।

গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সই করা এ-সংক্রান্ত পরিপত্র জারি হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই চিঠি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না।

সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী, স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না বলেও পরিপত্রে বলা হয়।