রায়পুরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় আরও এক মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে নিহত জসিম উদ্দিন বেপারীর বাবা ফজল করিম বেপারী বাদী হয়ে মামলাটি করেন। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছিল। সংঘর্ষে এ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনের শরীরেই ধারালো অস্ত্রের জখম ছিল।

জসিম হত্যা মামলায় রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামালকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া ৪৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০ জনকে।

উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত জসিম উদ্দিন বেপারী (৩৮) গত সোমবার (১৪ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি আগে উত্তর চর বংশী ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর রায়পুর উপজেলা বিএনপির সদস্য মো. ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছিল। সংঘর্ষে এ নিয়ে দুজনের মৃত্যু হলো। হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। সাইজুদ্দিন হত্যা মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।