নারায়ণগঞ্জের বন্দরে ডোবা থেকে ভাসমান অবস্থায় রেদোয়ান (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার চন্ডিতলার একটি ডোবা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
মৃত রেদোয়ান সুদূর বরিশাল জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর এলাকার শাহজাহান খলিফার ছেলে। সে নবীগঞ্জ জামিয়া আরবীয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে। তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় খেলা করার উদ্দেশ্যে কবিলেরমোড়স্থ ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বুধবার সকালে কুশিয়ারা এলাকাবাসী চন্ডিতলা একটি ডোবায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ জানায়। পরে থানার উপ পরিদর্শক মো. হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে উল্লেখিত ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। খবর পেয়ে মৃত মাদ্রাসা ছাত্রের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।