ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের খেলাপিদের নাম, পরিচয়সহ যাবতীয় তথ্য তিন মাস পরপর বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) জমা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার এ-সংক্রান্ত আদেশ জরি করেছে বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের এ সার্কুলারে তিনটি নির্দেশনা দেওয়া হয়। ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্ত ও চূড়ান্ত করে তা বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে পাঠাতে হবে। সিআইবিতে এদের ‘উইলফুল ডিফল্টার’ হিসেবে প্রদর্শন করতে হবে। দ্বিতীয়ত এসব খেলাপিদের তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে বিবরণী আকারে দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। তৃতীয়ত ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের বিষয়ে ব্যাংকের শনাক্তকরণ ইউনিটের সদস্যদের নাম, মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দিতে হবে।
এসব তথ্য প্রদানের জন্য একটি নমুনা ফরমও তৈরি করে দেওয়া হয়েছে। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বত্বাধিকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, ব্যাংক শাখার নাম, কবে চূড়ান্তভাবে ইচ্ছাকৃত খেলাপির তালিকায় এসেছে সেগুলো দিতে হবে।