জুন মাসেই ডাকসুর নির্বাচন দাবি ছাত্র অধিকার পরিষদের

আগামী মে মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং আগামী জুন মাসের মধ্যে ভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন  মোল্লা।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘অনেক প্রতীক্ষার পর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটি টাইমলাইন পেলাম। কিন্তু সেই টাইমলাইনে ডাকসুর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। আমরা চাই মে মাসেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক একই সঙ্গে ডাকসু নির্বাচন জুন মাসে অনুষ্ঠিত হোক।’

তিনি বলেন, ‘আমরা অতীতে দেখেছি ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা হয়েছে নানাভাবে। বর্তমানে এশটি গোষ্ঠী ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। লম্বা সংস্কারের আলাপ দিচ্ছে। আমরা চাই  ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মৌলিক সংস্কার করুক। যেসব অপরিহার্য সংস্কার সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন করুক।’