একই বিজ্ঞাপনচিত্রে মেসি আর ধোনি!

একজন ফুটবলের রাজপুত্র, অন্যজন ভারতীয় ক্রিকেটের। এবার দুজনকে দেখা গেল একই ফ্রেমে। চলতি আইপিএলের মাঝেই মহেন্দ্র সিং ধোনি আর লিওনেল মেসিকে একটি বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে। সম্পাদনার মাধ্যমে দুজনকে একই ফ্রেমে দেখানো হয়েছে। এই ভিডিও ক্লিপটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ক্লিপটির শুরুতে দেখা যায় মেসি ফুটবল নিয়ে হালকা জাগলিং করছেন। এরপর টোকা দিয়ে মেসি বলটি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির দিকে দেন। ক্রিকেট মাঠে উইকেটকিপিংয়ের জন্য বিখ্যাত ধোনি সেই বলটি নিয়ে জাগলিং করা শুরু করেন। আইসিসির তিনটি শিরোপাজয়ী সাবেক ভারতীয় অধিনায়কও মেসির সামনে নিজের কিছু ফুটবল স্কিল দেখান। এরপরে তিনিও বলটি মেরে বাইরে বের করে দেন।

স্কুল জীবন থেকেই ফুটবলের প্রতি ধোনির ভালোবাসা। সবাই জানে যে, ক্রিকেটে আসার আগে তিনি তার স্কুল ফুটবল দলে একজন গোলকিপার ছিলেন। তার গোলকিপিং দক্ষতা দেখে স্কুলের ক্রীড়া শিক্ষক তাকে স্কুল ক্রিকেট দলের উইকেটকিপার হতে বলেন। সেখান থেকেই ধোনির ক্রিকেট যাত্রা শুরু হয় এবং আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার হিসেবে ক্যারিয়ার শেষের সময় তার ডিসমিসালের সংখ্যা মোট ৮২৯টি।

ফুটবল ছেড়ে দিলেও, ধোনির এই খেলাটির প্রতি ভালোবাসা কখনও ম্লান হয়নি। ভারতীয় ক্রিকেট দলে ম্যাচের আগে ওয়ার্ম-আপ হিসেবে ফুটবল খেলার ঐতিহ্য তিনিই শুরু করেন। এমনকি তিনি বলিউড সেলিব্রিটিদের সঙ্গে একাধিক চ্যারিটি ফুটবল ম্যাচও খেলেছেন, যেখানে তার ড্রিবলিং ও শ্যুটিং দক্ষতার ঝলক দেখা গেছে। চলতি আইপিএলে ধোনিকে আবারও ধোনিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছে। জয়ের ধারায় ফিরেছে চেন্নাই।