ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় স্ত্রীর শীলের আঘাতে ওবায়দুর রহমান মুন্সি (৫৫) নামে খুন হয়েছেন। তিনি আলফাডাঙ্গা উপজেলা কৃষকদল নেতা ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আলফাডাঙ্গা থানা পুলিশ আটক করেছে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
ওবায়দুর রহমান মুন্সি উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ইসাপাশা গ্রামের আব্দুল খালেক মুন্সির (ডক সাহেব) ছেলে।
পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওবায়দুর রহমান মুন্সির সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে ওবায়দুর রহমান মুন্সির সাথে স্ত্রীর ঝগড়া বিবাদ শুরু হয়। এর এক পর্যায়ে তার স্ত্রী পাথরের শীল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে। এ সময় স্বামী ওবায়দুর রহমান ঘরের মেঝোতে লুটিয়ে পড়েন।
ওবায়দুরের ভাই সিরাজুল হক বলেন, তার সঙ্গে পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলছিল। এরই অংশ হিসেবে রাতে ওবায়দুল্লাহর সাথে ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী পাথরের শীল দিয়ে আঘাত করে হত্যা করে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক নানা কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরবর্তীতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।